প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তিনি রওয়ানা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার (২৭ মার্চ) যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারেন।

২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা ওইদিনই দেশে ফিরবেন। তার সফরকালীন সময়ে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা