চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলটি মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া উপস্থিত ছিলেন।
গোলাম জাকারিয়া তার বক্তব্যে এভারগ্রীন ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “চাঁদপুর জেলা শহরে এভারগ্রীন ক্লাবের একটি সুপ্রতিষ্ঠিত ক্লাব হিসেবে পরিচিতি রয়েছে। এই ক্লাবের সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন মানুষের সেবা করে যাচ্ছেন। ক্লাবের সদস্যরা খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। এখানে সরকারি-বেসরকারি কর্মকর্তারা একত্রিত হয়ে খেলাধুলায় অংশ নেন, যা একটি সুন্দর সামাজিক বন্ধন তৈরি করেছে।”
পৌর প্রশাসকের এই মন্তব্য ক্লাব সদস্যদের সামাজিক কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন ঘটায়। তার এই প্রশংসা ক্লাবটিকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।
ক্লাবের সভাপতি ডা. জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তা গিয়াস কবির অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, ক্লাবের মহাসচিব আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ সৈয়দ মশিউর রহমান, ক্লাব কর্মকর্তা আলমগীর আলম জুয়েল, এবং মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান অধ্যাপক মো.জাকির হোসেন, ব্যবসায়ী আলম হোসেন এবং ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে মাওলানা জুনায়েদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।
স্বদেশ /আজাদ