প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রমজানের পবিত্রতায় রক্তারক্তি, পঞ্চগড়ে উত্তেজনা তুঙ্গে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তেলিপাড়া নেছারিয়া হাফিজিয়া মাদরাসায় সেহরিতে মাইকে রোজাদারদের ডাক দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অপর পক্ষের লোকজনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে মাদরাসার পরিচালক বাকি বিল্লাহ আল আশরাফের মা গুলজান নেহার (৫০), তিনজন শিক্ষক ও ২১ জন ছাত্র রয়েছেন। অপর পক্ষের কায়েদে আজম ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনও আহত হন। সবাইকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে শুরু হলো সংঘর্ষ?

পুলিশ ও স্থানীয়রা জানান, নেছারিয়া হাফিজিয়া মাদরাসার মসজিদ থেকে প্রতিদিন সেহরির সময় রোজাদারদের ডাক দেওয়া হতো। প্রতিবেশী কায়েদে আজমের স্ত্রী সাবিনা ইয়াসমিন উচ্চস্বরে ডাকাডাকির বিষয়ে আপত্তি জানান। কয়েকদিন মাইক বন্ধ থাকলেও এলাকাবাসীর দাবিতে পুনরায় চালু করা হয়। কিন্তু মাইকের দিক পরিবর্তন করায় ক্ষুব্ধ হন ওই দম্পতি।

শনিবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে মাদরাসার শিক্ষক আরিফ হাসান ও মুহতাসিম বিল্লাহকে আটক করেন কায়েদে আজম ও তার স্ত্রী। একপর্যায়ে সাবিনা ইয়াসমিন জুতা দিয়ে ও কায়েদে আজম লাঠি দিয়ে তাদের মারধর করেন। খবর পেয়ে মাদরাসার ছাত্র-শিক্ষকরা এগিয়ে এলে সংঘর্ষ বেধে যায়।

ক্ষতিগ্রস্তদের ভাষ্য

মাদরাসা ছাত্র রিশাদ বলেন, “আমি পানি খাচ্ছিলাম, হঠাৎ একজন এসে লাঠি দিয়ে আঘাত করে। এভাবেই আমাদের মারধর করা হয়েছে।”

অপর এক ছাত্র রেজওয়ান সরকার বলেন, “আমাদের দুজন শিক্ষককে মারধরের খবর পেয়ে আমরা ছুটে গেলে আমাদেরও নির্দয়ভাবে মারা হয়, এমনকি আমাদের ঘরও ভাঙচুর করা হয়েছে।”

মাদরাসার শিক্ষক মুহতাসিম বিল্লাহ বলেন, “পাঁচ-সাত বছর ধরে মাদরাসার জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছে। এবার সামান্য বিষয়কে কেন্দ্র করে তারা আমাদের ওপর চড়াও হয়েছে।”

মাদরাসার পরিচালক বাকি বিল্লাহ আল আশরাফ বলেন, “আমার মাকেও ছাড়েনি তারা। আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি, ন্যায়বিচার চাই।”

অপর পক্ষের দাবি

কায়েদে আজম বলেন, “মাদরাসার লোকজন আমার স্ত্রীর নামে আজেবাজে কথা ছড়িয়েছে। আমরা শুধু মাইকের আওয়াজ কমাতে বলেছিলাম, কিন্তু তারা আমাদের বাড়ির দিকে মাইক ঘুরিয়ে দেয়।”

তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তারা দীর্ঘক্ষণ উচ্চস্বরে ডাকাডাকি করে। এতে আমার অসুস্থ সন্তানদের কষ্ট হচ্ছে। তাছাড়া মাদরাসা আমাদের জমি দখল করে রেখেছে।”

পুলিশের বক্তব্য

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, “সেহরিতে ডাকাডাকি ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ মামলা করেছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে উত্তেজনা নতুন করে না ছড়ায়।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা