প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতার ছত্রছায়ায় লুটপাটের নতুন কৌশল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

যশোরের মণিরামপুর পৌরসভার তিনটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২৮ লাখ টাকা বরাদ্দের বেশিরভাগ অংশই লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রকল্প বাস্তবায়নে নিয়ম অনুযায়ী টেন্ডার আহ্বান করার কথা থাকলেও, কর্তৃপক্ষ কৌশলে কোটেশনের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের দিয়ে দায়সারা কাজ করিয়ে নিয়েছে।

যেখানে ২ লাখ, সেখানে দেখানো ৮.৫৩ লাখ!

প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ছিল মোহনপুর বটতলার পাশে ফুটপাতের যাত্রীছাউনি সংস্কার করে মিনি পার্ক নির্মাণ। এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৮.৫৩ লাখ টাকা, কিন্তু স্থানীয়দের দাবি, প্রকৃত ব্যয় মাত্র ২ লাখ টাকা। সেখানে সামান্য কিছু পার্কিং টাইলস, একটি ছাতা ও কিছু ফুলের গাছ বসানো হয়েছে। এখন সেই ফুলগাছও নষ্ট হয়ে গেছে। অথচ বিশাল অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে পৌরসভা তহবিল থেকে।

বাজারে ৫০০ টাকার বাল্ব দেখানো হলো ১৮০০ টাকা!

দ্বিতীয় প্রকল্পে পৌরসভা গেটের সামনে ফুটপাতে ৯টি সিসি ক্যামেরা ও ৩২টি বৈদ্যুতিক বাল্ব বসানো হয়েছে। এখানে দুর্নীতির চিত্র আরও ভয়াবহ! প্রতিটি বাল্বের বাজারমূল্য ৫০০-৬০০ টাকা হলেও প্রকল্পে দেখানো হয়েছে ১,৮০০ টাকা! সিসি ক্যামেরার বাজারমূল্য ২,০০০-২,৫০০ টাকা হলেও দেখানো হয়েছে দ্বিগুণ!

লাইটিং ও পানির ফোয়ারার নামে টাকা ভাগবাটোয়ারা!

তৃতীয় প্রকল্পে পৌর ভবনের সামনে পানির ফোয়ারা, লাইটিং ও ফুলের গাছ লাগানোর নামে ৯.৬৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু স্থানীয়রা বলছেন, সামান্য লাইটিং ও কিছু গাছ লাগিয়ে দায়সারা কাজ করা হয়েছে। প্রকল্পের টাকার সিংহভাগই সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেটে গেছে।

ঠিকাদাররা বলছেন, ‘আমাদের দিয়ে শুধু সই করানো হয়েছে!’

এই তিন প্রকল্প বাস্তবায়নে পৌরসভার পক্ষ থেকে মেসার্স ফয়জুল ইসলাম, মেসার্স সুমি এন্টারপ্রাইজ, মেসার্স মোল্যা ট্রেডিং নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঠিকাদাররা নিজেরাই বলছেন, “আমাদের দিয়ে শুধু সই করানো হয়েছে, কাজ পৌরসভা কর্তৃপক্ষ নিজেরাই করেছে!”

নেতৃত্বে কে? অভিযোগের তীর নির্বাহী প্রকৌশলীর দিকে

এই দুর্নীতির মূল নেতৃত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার। তিনি দাবি করেছেন, এই প্রকল্প নেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার নির্দেশে। কিন্তু নিশাত তামান্না এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, “কাজের মান নিয়ে অভিযোগ উঠলে তদন্ত করা হবে।”

স্থানীয়দের ক্ষোভ: ‘এটা পরিকল্পিত লুটপাট’

স্থানীয়রা বলছেন, এটা কোনো সাধারণ অনিয়ম নয়, বরং পরিকল্পিত লুটপাট। ক্ষমতার ছত্রছায়ায় দুর্নীতির নতুন কৌশল হিসেবে কোটেশনের মাধ্যমে লুটপাটের এই পদ্ধতি চালু হয়েছে। তারা দাবি করছেন, অবিলম্বে এই প্রকল্পগুলোর নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কি সত্যিই কোনো পদক্ষেপ নেবে, নাকি সব কাগজপত্র গায়েব করে দেয়া হবে?

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা