প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোবাইল আসক্তি: নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত

প্রতিবেদক: মো. জাকির হোসেন
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

প্রযুক্তির অগ্রযাত্রায় স্মার্টফোন আজ বিশ্বজুড়ে যোগাযোগ, শিক্ষা ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে প্রযুক্তির এই আশীর্বাদ কখনও কখনও অভিশাপে পরিণত হচ্ছে, বিশেষ করে যখন এটি অতিমাত্রায় ব্যবহারের ফলে সামাজিক ও পারিবারিক সম্পর্ক নষ্ট করে দেয়। সম্প্রতি চুয়াডাঙ্গার পলাশপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবার হত্যার ঘটনা আমাদের চিন্তার খোরাক জোগায়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি মোবাইল আসক্তির ভয়াবহতার এক করুণ উদাহরণ। মোবাইল ফোন ব্যবহারের সঠিক নিয়ম ও সময় সম্পর্কে অভিভাবকদের সচেতন না হওয়া এবং সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে না পারার ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

উদ্ধৃত ঘটনা শুধু চুয়াডাঙ্গার নয়, বরং সারা দেশেই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে পারিবারিক কলহ ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। মোবাইল ফোন এখন আর বিলাসবহুল পণ্য নয়, বরং এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের সামাজিক কাঠামো এবং মূল্যবোধ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নিয়ে আলোচনা করা জরুরি।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল ফোন নিয়ে বাবা-মায়ের সঙ্গে সন্তানের দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে। অনেক অভিভাবক সন্তানদের পড়াশোনার জন্য স্মার্টফোন দেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির দিকে ঠেলে দেয়। এ কারণে অনেক বাবা-মা সন্তানের মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে চান, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

চুয়াডাঙ্গার ঘটনার মতোই ২০২৩ সালে ঢাকায় এক কিশোর তার বাবা-মার ওপর চড়াও হয়, কারণ তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন। এছাড়াও, রাজশাহীতে এক কিশোরী মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় আত্মহত্যা করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৮ সালে ‘গেমিং ডিজঅর্ডার’ বা অনলাইন গেমের আসক্তিকে একটি মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশেও এই সমস্যাটি ক্রমশ বাড়ছে।

অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে কিশোর-তরুণদের মধ্যে রাগ, হতাশা, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, তারা বাস্তব জীবনে মানুষের সঙ্গে স্বাভাবিক মেলামেশা করতে পারছে না, যা তাদের সামাজিকীকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন শিক্ষার সহায়ক হতে পারে, তবে অতিরিক্ত গেম খেলা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাচ্ছে।

২০২২ সালে বাংলাদেশ শিক্ষা গবেষণা কাউন্সিলের (BERC) এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ৭৫% শিক্ষার্থী প্রতিদিন ৫ ঘণ্টার বেশি সময় মোবাইল ব্যবহার করে, যার অধিকাংশই পড়াশোনার বাইরে ব্যয় হয়। ফলে তারা পরীক্ষায় খারাপ ফলাফল করে এবং ধীরে ধীরে তাদের পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে।

মোবাইল আসক্তির ফলে তরুণদের শারীরিক ক্ষতিও হচ্ছে। ঘুমের ব্যাঘাত, মাথাব্যথা, চোখের সমস্যা এবং স্থূলতার মতো শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনে ৩ ঘণ্টার বেশি স্ক্রিন টাইম শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু বাংলাদেশে অনেক কিশোর-তরুণ দিনে ৮-১০ ঘণ্টার বেশি সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কাটাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (BTRC) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।

২০২৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ৮০% কিশোর-তরুণ দিনে ৪-৬ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করে, যার মধ্যে ৭০% বিনোদনের জন্য, ২০% গেমিংয়ের জন্য এবং মাত্র ১০% শিক্ষামূলক কাজে ব্যবহার করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুসারে, গেমিং আসক্তির কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির হার ৩০% বেড়েছে। অভিভাবকদের সন্তানের মোবাইল ফোন ব্যবহারের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সন্তানের বয়স অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে মোবাইল ব্যবহারের নিয়ম চালু করা উচিত। প্রযুক্তির বিকল্প হিসেবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সন্তানদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বাবা-মাকে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, যাতে তারা তাদের অনুভূতির কথা অবলীলায় বলতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিটক্স প্রোগ্রাম চালু করা যেতে পারে। মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।

অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চীন ও দক্ষিণ কোরিয়ার মতো অনলাইন গেমের সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তার জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা যেতে পারে।

মোবাইল ফোন আজকের বিশ্বে অপরিহার্য হলেও, এর অপব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরম হুমকি হয়ে উঠছে। চুয়াডাঙ্গার ঘটনার মতো মর্মান্তিক পরিস্থিতি এড়াতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

এটা সত্য যে, প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়, কিন্তু এর সুস্থ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অভিভাবক, শিক্ষক, সমাজ এবং সরকার—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম মোবাইলের পরিবর্তে বাস্তব জীবনের দিকে ফিরে আসে।

আমাদের স্মরণ রাখতে হবে, প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়। তাই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার মূল চাবিকাঠি।
প্রতিবেদক: মো. জাকির হোসেন, শিক্ষক নেতা, রাজনীতিবিদ, সমাজসেবক।

স্বদেশ/ আজাদ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা