প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদ ক্যাম্পাসে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে সদর থানায় সানির নামে একটি ছিনতাই মামলা করেন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম। মামলা দায়েরের পর শনিবার দুপুরেই শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ।
সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।
এর আগে, শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে। এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে একটি দল নির্মাণাধীন মডেল মসজিদে প্রবেশ করে। তারা নির্মাণকাজের বিরোধিতা করে এবং কর্মরত শ্রমিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালায় এবং সাইট অফিস থেকে নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মসজিদের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম জানান, সানির নেতৃত্বে হামলাকারীরা অতর্কিতভাবে হামলা চালায়। তারা নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং সাইট অফিস থেকে জোর করে ৫ লাখ টাকা নিয়ে যায়। এ সময় তারা শ্রমিকদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, সানির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তিনি এলাকায় একজন চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সানিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মসজিদ নির্মাণ কমিটির সদস্যরা জানান, এ হামলার ঘটনায় তারা হতবাক। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বদেশ /আজাদ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা