শুক্রবার (২১ মার্চ ২০২৫) জুমার নামাজের পর হাইমচরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে অভূতপূর্ব জনসমাবেশ দেখা যায়। “হৃদয়ে মানবতা” নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নয়, সাধারণ মানুষ ও আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আ. হালিম চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন সিহাব। এই জনসমাবেশে বক্তারা ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক”, “ইসরাইল নিপাত যাক” এবং “আমেরিকা, ভারত, ইসরাইলের পণ্য বর্জন করুন” ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ছফিউল্লাহ, হাইমচর সরকারি হসপিটাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদসহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। হৃদয়ে মানবতা সামাজিক
সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের পরিচালনায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
অপরদিকে, গাজায় নিরস্ত্র মুসলিম গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মো. ছফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে আলগী বাজারে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিল থেকেও ইসরায়েল বিরোধী স্লোগানে হাইমচরের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
স্বদেশ /আজাদ