প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“ফ্যাসিবাদী শাসনের ‘কলকব্জা’ সংস্কার!”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫

শুক্রবার (২১ মার্চ ২০২৫) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের রেখে যাওয়া অবশিষ্ট সংস্কারের জন্য গণতান্ত্রিক পন্থার আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েকমাস কাজ করেছি। খুবই জটিল প্রক্রিয়া ছিল সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা। শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুতে পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরম্যান্সের ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।”
তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি, পদচ্যুতি ও বিচারের আওতায় এনেছে এবং তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে। তবে, কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো উচিত নয়।
মাহফুজ আলম লিখেছেন, “দেড় দশকের ফ্যাসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে। সেগুলো সংস্কার ও বদলানোর প্রক্রিয়া গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। ঐক্য রিকারেন্ট হোক, ভায়োলেন্স না। স্থিতিশীল রাষ্ট্রে আমরা সংস্কার ও বিচারের কাজ আরও দ্রুততার সঙ্গে করতে পারব।”
উল্লেখ্য, মো. মাহফুজ আলম গত ২৬ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করা মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভ্যুত্থানের পর তিনি ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।
তথ্য উপদেষ্টার এই পোস্টের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে, হেফাজতে ইসলাম বাংলাদেশ এই পোস্টের কিছু অংশের নিন্দা জানিয়েছে। তারা মন্তব্য করেছেন যে, ২০১৩ সালে হেফাজতকে একটি ইসলামী রাজনৈতিক দলের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করার দাবি মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাহফুজ আলম এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী বিষয়ে মতামত প্রকাশ করেছেন, যা বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে। তার সাম্প্রতিক পোস্টগুলোতে তিনি পুলিশ বাহিনীর সংস্কার, শাহবাগ ও জামায়াতের রাজনীতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
সরকারের উচ্চপর্যায়ের এই ধরনের উদ্যোগ ও মন্তব্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা