শুক্রবার, ২১ মার্চ ২০২৫, রাত সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হয়েছেন যমুনা টিভি ও চ্যানেল ২৪-এর চার সংবাদকর্মী। আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী ও ক্যামেরাপারসন সাকিব, এবং চ্যানেল ২৪-এর প্রতিনিধি জাহিদ রহমান ও ক্যামেরাপারসন ইরফান। হামলাকারীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেয়।
আহত সাংবাদিক রফিকুল ইসলাম খোকন জানান, ক্যামেরা চালু করার সময় তাদের উপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, এর আগে বেশ কয়েকবার সংবাদ সংগ্রহ করতে এসে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন। তাদের দাবিগুলোর মধ্যে ছিল এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন। এই কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এবং সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
স্বদেশ/ আজাদ