ওমরাহযাত্রীদের বিমান টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নতুন নীতিমালার ফলে গ্রুপ টিকিট বুকিংয়ের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ মার্চ) কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিকিট ইস্যুতে কঠোর নিয়ম: তিন দিনের মধ্যে ইস্যু না হলে বাতিল
ধর্ম উপদেষ্টা বলেন, এখন থেকে যেকোনো যাত্রীকে বিমানের টিকিট বুকিংয়ের সময় নিজের পাসপোর্ট নম্বর ব্যবহার করতে হবে। তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। তিনি বলেন, “গ্রুপ টিকিট বুকিং দিয়ে কেউ দ্বিগুণ-তিনগুণ দাম বাড়িয়ে দেবে—এটা আর হবে না। এ বিষয়ে ইতোমধ্যে একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।”
সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু এজেন্সি ও মধ্যস্বত্বভোগী ওমরাহ টিকিট নিয়ে সিন্ডিকেট করে আসছিল। তারা একসঙ্গে প্রচুর টিকিট বুকিং দিয়ে কৃত্রিম সংকট তৈরি করত এবং পরবর্তী সময়ে চড়া দামে বিক্রি করত। এ কারণে ওমরাহযাত্রীরা বেশি খরচের মুখে পড়তেন। নতুন নিয়ম চালুর ফলে এ ধরনের সিন্ডিকেটের সুযোগ আর থাকছে না।
মডেল মসজিদ: আধুনিক ইসলামী চর্চার কেন্দ্র
এদিন কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন। তিনি বলেন, “এ মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চার আধুনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।”
মডেল মসজিদটি একসঙ্গে ১,১০০ জন মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রেখেছে। পাশাপাশি এখানে নারীদের জন্য পৃথক নামাজের স্থান, শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটরিয়াম, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার এবং ইমাম প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা
ধর্ম উপদেষ্টা বলেন, “কক্সবাজারে কোনো সাম্প্রদায়িক নৈরাজ্য নেই, ভুল বোঝাবুঝিও নেই। এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। এছাড়া মডেল মসজিদ প্রকল্পের পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ /আজাদ