বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫৫,৩১০ জনকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে, আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজস্ব ভোটব্যাংক সৃষ্টির উদ্দেশ্যে তিনি এই অনিয়মে লিপ্ত হন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, হেলালুদ্দীন আহমদ কক্সবাজারের ঈদগাঁও, ইসলামাবাদ ও ইসলামপুর এলাকায় তার প্রার্থিতার জন্য ভোটার সংখ্যা বাড়াতে রোহিঙ্গা নাগরিকদের এনআইডি প্রদান করেন। এই প্রক্রিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বড় সিন্ডিকেট গড়ে তোলা হয়। প্রতিটি এনআইডি কার্ড প্রদানের জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে আরও প্রকাশ পায়, কথিত বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নুর আলমের কাছ থেকে পাওয়া এনআইডি কার্ডের সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হয়। নুর আলম ৭০ হাজার টাকার বিনিময়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এনআইডি সংগ্রহ করেন। এই ঘটনার পর দুদক তদন্তে নামে এবং হেলালুদ্দীনের সংশ্লিষ্টতা উদঘাটন করে।
দুদকের তদন্তে হেলালুদ্দীনের সহযোগী হিসেবে ১০৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যাদের মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, আইনজীবী ও শিক্ষক রয়েছেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের জড়িত থাকার কারণে বিষয়টি আলোর মুখ দেখেনি এবং তদন্তকারী কর্মকর্তার চাকরি চলে যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, টাকার বিনিময়ে বিদেশি নাগরিককে নাগরিকত্ব প্রদান ক্ষমার অযোগ্য অপরাধ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠার পরও সরকারের নীরবতা উদ্বেগজনক। তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্বদেশ/ আজাদ