প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “যেই আওয়ামী লীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে, তিরিশ হাজারের বেশি আহত করেছে, সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে, কোনো ধরনের গড়িমসি করা চলবে না।”

এদিন মধ্যরাতে আওয়ামী লীগের ফিরে আসার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ‘ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে, যা পুরোপুরি ভারতের পরিকল্পনা।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছিল। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ‘ ব্যানারে একদল শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করেন।

এছাড়াও, গত মাসে ছাত্র অধিকার পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৬ দফা দাবি উত্থাপন করে। দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি ও বিক্ষোভ কর্মসূচি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপের দিকে সবার নজর রয়েছে।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা