প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুলশানে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এই হত্যাকাণ্ড ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় সুমন ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড?

নিহত সুমনের শ্যালক মো. বাদশা মিয়া রুবেল জানিয়েছেন, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। সুমন স্ত্রী ও দুই সন্তান নিয়ে মিরপুর ভাষানটেক এলাকায় বসবাস করতেন। মহাখালী টিভি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে তার ইন্টারনেট ব্যবসা ছিল। পাশাপাশি তিনি বনানী থানা যুবদলের কর্মী ছিলেন।

রুবেলের দাবি, মহাখালী টিভি গেট এলাকায় ‘একে৪৭’ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ চলছিল। রুবেল ডিস ব্যবসার সঙ্গে জড়িত এবং সুমনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তিনি আশঙ্কা করছেন, এই গ্রুপের সদস্যরাই সুমনকে হত্যা করেছে।

তদন্তে পুলিশ, খুঁজছে ক্লু

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা