যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো বদর খান সুরিকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিবিদ্বেষী মতামত প্রচারের অভিযোগ উঠেছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলফলিন জানিয়েছেন, সুরির ‘একজন পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যিনি হামাসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা’। ফলে, তাকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সুরি ইরাক ও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে ডক্টরাল গবেষণা চালিয়ে যাচ্ছিলেন এবং তারা তার কোনো বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, সুরি আলওয়ালিদ বিন তালাল মুসলিম-খ্রিস্টান বোঝাপড়া কেন্দ্রের একজন ফেলো।
এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে, এক ফরাসি মহাকাশ বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়, যা ফ্রান্স সরকারের নিন্দার মুখে পড়ে।
হামাস (আরবি: حماس) শব্দের অর্থ আশা বা উদ্দীপনা। এটি ‘হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া’ (ইসলামী প্রতিরোধ আন্দোলন) এর সংক্ষিপ্ত রূপ। ১৯৮৭ সালে গাজা ও পশ্চিম তীরে প্রথম ইন্তিফাদার মাধ্যমে হামাসের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন, যিনি ইখওয়ানুল মুসলিমীনের ফিলিস্তিন শাখার নেতা ছিলেন। হামাসের সামরিক শাখা ‘ইজ্জদ্দিন আল-কাসাম ব্রিগেড’ নামে পরিচিত।
বদর খান সুরির গ্রেপ্তার ও সম্ভাব্য নির্বাসন আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে, বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপের প্রভাব নিয়ে আলোচনা চলছে।
স্বদেশ /আজাদ