প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলটি ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান ধারণ করে বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন করে।

দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের সম্মাননা জানানো হয়। এতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় এসময় বক্তব্য রাখেন।

দলীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, “আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। সেখানে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে তর্কে যেতে চাই না। আমরা শুধুমাত্র সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক ও নিষ্ঠাবান মানুষ নিয়ে এগিয়ে যেতে চাই। যদি ১০ জন লোকও থাকে, সেই ১০ জন নিয়েই আমরা এগোবো।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, বেশিরভাগ দলের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে হয়। আমরা সেই ধারার বিপরীতে চলতে চাই। আমাদের দলীয় হিসাব-নিকাশ পাবলিক করে দেবো, সবাই দেখতে পারবে।”

‘জনতার দল’ এর এই আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটি কীভাবে রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকবে, সেটিই এখন দেখার বিষয়।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা