প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজার নিয়ে প্রধান উপদেষ্টার যুগান্তকারী বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ।” তিনি সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যেকোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। ড. ইউনূস উল্লেখ করেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ড. ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে।”

এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার।

পরে উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেন ড. ইউনূস ও আন্তোনিও গুতেরেস। এসময় রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের জন্য প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সম্ভাব্য সব রকম চেষ্টা করার অঙ্গীকার করেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইনে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা স্থানীয় জনগণের কাছে তাদের ওপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান। মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।

কক্সবাজারের এই সফরে ড. ইউনূসের বক্তব্য ও কার্যক্রমে স্পষ্ট, সমুদ্রসম্পদ ও বন্দর সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা