বাংলাদেশে ঈদের সময় নতুন টাকা সালামি হিসেবে দেওয়ার রেওয়াজ বহু পুরনো। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়লেও এবার তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। ঈদের আগে নতুন টাকা বাজারে আসছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এর কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, নতুন নোটের ডিজাইন অনুমোদনে দেরি হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
কেন আসছে না নতুন টাকা?
বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করতে দেরি হয়েছে, যা পরিকল্পনা অনুযায়ী ছাপানো সম্ভব হয়নি। ফলে আসন্ন ঈদুল ফিতরে বাজারে নতুন টাকা ছাড়া সম্ভব হবে না। যদিও সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই নতুন নোট ছাপানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এবার সেটি শুরু হয়েছে অনেক দেরিতে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “সেন্ট্রাল ব্যাংক আরও আগেই সিদ্ধান্ত নিতে পারত। ঈদ তো হঠাৎ আসে না, পরিকল্পনা করে এগোনো উচিত ছিল। নতুন টাকা ছাপানোর জন্য ডিজাইন অনেক দেরিতে চূড়ান্ত হওয়ায় এবার ঈদে নতুন নোট পাওয়া যাবে না।”
নতুন ডিজাইনের নোটে নেই বঙ্গবন্ধুর ছবি!
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন ডিজাইনের টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না। এতদিন ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ব্যবহৃত হলেও এবার থেকে সেটি পরিবর্তন করা হচ্ছে। নতুন নোটগুলোতে দেশের ঐতিহাসিক স্থাপনা, নকশিকাঁথা, মুক্তিযুদ্ধের প্রতীক এবং ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি স্থান পাবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমার সময় (গভর্নর থাকাকালে) কোনো ব্যক্তির ছবি দেইনি, কারণ এটি বিতর্ক সৃষ্টি করতে পারে। কেউ নজরুলের ছবি চায়, কেউ রবীন্দ্রনাথের। তাহলে কায়কোবাদের ছবি দিলে সমস্যা কী? ব্যক্তির ছবি বাদ দিয়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয়বস্তু থাকলেই ভালো হয়।”
নতুন টাকা বাজারে আসবে কবে?
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ডিজাইনের টাকা ছাপানোর কাজ দ্রুত চলছে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি বাজারে আসবে। অর্থাৎ, ২০২৫ সালের শেষের দিকে নতুন ডিজাইনের নোট সাধারণ জনগণের হাতে পৌঁছাতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “আমরা আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসবে। তবে এটি নির্ভর করবে ছাপানোর গতি ও পরিবহন ব্যবস্থার ওপর।”
ঈদে নতুন টাকা না থাকায় কী করবেন সাধারণ মানুষ?
ঈদে নতুন টাকা না থাকায় বাজারে পুরনো নোটগুলোই ব্যবহার করতে হবে। তবে অর্থনীতিবিদদের মতে, এটি খুব বড় কোনো সমস্যা নয়। বরং এটি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “নতুন টাকার এতো দরকার কী? দরকার হলে মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করবে, ব্যাংক ট্রান্সফার করবে।”
জনসাধারণের প্রতিক্রিয়া
ঈদে নতুন টাকা না পাওয়ার খবরে অনেকেই হতাশ। বিশেষ করে শিশু ও কিশোররা, যারা নতুন টাকা পাওয়ার আনন্দে ঈদ উদযাপন করে, তাদের জন্য এটি একটি মন খারাপের সংবাদ।
রাজধানীর গুলশানের এক ব্যাংক কর্মকর্তা বলেন, “প্রতি বছর ঈদের আগে নতুন নোটের জন্য মানুষের লাইন পড়ে যায়। এবার সেই সুযোগ থাকছে না, তাই অনেকে হতাশ হবে।”
তবে অনেকেই মনে করছেন, নতুন ডিজাইনের টাকা বাজারে এলে এটি দেশের মুদ্রা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং ব্যক্তি কেন্দ্রিকতা থেকে বেরিয়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটাবে।
স্বদেশ/ আজাদ