প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রিমান্ড শুনানিতে আইনজীবীকে নিরব থাকার নির্দেশ দীপু মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে দীপু মনিসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দীপু মনির বক্তব্য
রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় দীপু মনিকে তার আইনজীবী বলেন, ‘আপা, আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে।’ প্রতিউত্তরে দীপু মনি তার আইনজীবীকে বলেন, ‘যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই।’ তখন তার আইনজীবী বলেন, ‘আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না।’
মামলার বিবরণ
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালান। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন স্বজন মো. আলী।
দীপু মনির গ্রেফতার ও আদালতে উপস্থিতি
এর আগে গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকাল পৌনে ১০টায় পুলিশ পাহারায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। শুনানি শেষে ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রহরায় আদালত থেকে দীপু মনিকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে নিতে দেখা যায়।
মামলার অন্যান্য দিক
এই মামলায় অন্যান্য আসামিদেরও রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা