প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘এক খাপে দুই তলোয়ার নয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, যে আওয়ামী লীগকে ছাত্র-নাগরিকরা রক্ত দিয়ে উৎখাত করেছে, আজ সেই দলকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ২৪-এর শহীদ ও আহত গাজীদের স্মরণে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের কূটনীতিতে যুক্ত হচ্ছেন। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা সতর্ক করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নেই। এক খাপে দুই তলোয়ার যেমন থাকতে পারে না, তেমনি ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি একসঙ্গে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ৫ আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে, তাদের পরিণতিও সে রকম হবে।”

নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার দক্ষতা আওয়ামী প্রশাসনের ছিল না। এই প্রশাসন সংস্কার না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। তাই আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা আগে হোক।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে দিন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে, সেগুলো ৫-৬টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।”

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদের সভাপতিত্বে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আওয়ামী জাহিলিয়াতের যুগে আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলছিল, ‘আংকেল গেটটা একটু খোলেন’, তখন গেটটা কেউ খোলেনি। আমরা এই আওয়ামী লীগকে কুমিল্লা থেকে উৎখাত করেছি। হাসিনার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা। এই কুমিল্লাতে আওয়ামী লীগকে কবরস্থ করতে পেরেছি।”

তিনি বলেন, “গত দেড় দশক কুমিল্লাকে বঞ্চিত করে রাখা হয়েছে। ফ্যাসিবাদী হাসিনা সরকার কুমিল্লাকে উপহাস করেছে। আগামীতে কুমিল্লার সব আসনে এনসিপির নেতৃত্বে শক্ত অবস্থান গড়ে তুলব।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখল, পুকুর দখল এলাকায় শুরু হয়ে গেছে। যারা দখলবাজ, তাদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশে তুলে দিন। দেবীদ্বার ও কুমিল্লার মাটিতে কোনো ধরনের চাঁদাবাজদের ঠাঁই হবে না। কেউ যদি চাঁদা তুলতে আসে, বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আসছি। তার থেকে চাঁদার টাকা নিয়ে আসুন।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। দলের নিবন্ধন ও সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে এনসিপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে দলটি এগোতে চায়।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা