প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুলিশের জন্য ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫

জৃুলাই আন্দোলনে পুলিশের যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। ফলে যানবাহনের ঘাটতিতে পড়েছে পুলিশ বাহিনী। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে মোট ৫টি সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৭ মার্চ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারই ধারাবাহিকতায় পুলিশের সমস্যা সমাধানে আজ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে আছে-

১. ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা।

২. পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।

৩. পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পন্ন হয়ে আছে, সেগুলোতে অর্থ ছাড় করা।

৪. ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।

৫. পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

সভায় প্রধান উপদেষ্টা জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা