প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫

কুমিল্লা-চাঁদপুর সড়কের বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার দুপুরে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় রিপা ও অন্যান্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপা মারা যান।

নিহত আফসানা আক্তার রিপা লালমাই সরকারি কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি লালমাই উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আফসানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সড়ক নিরাপত্তা বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়মের প্রতি অমান্যতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লা-চাঁদপুর সড়কে এর আগেও ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা