যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার একটি খ্রিস্টান মিশন থেকে বান্দরবানের থানচি উপজেলার তিন পাহাড়ি কিশোরীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। একই মিশনে গত ১৪ মার্চ নবম শ্রেণির শিক্ষার্থী রাজেরঙ ত্রিপুরার (১৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
জানা গেছে, কেশবপুর থানার পুলিশ ওই দিন রাতে খ্রিস্টান আউট রিসোর্ট সেন্টার ফাউন্ডেশন অফ বাংলাদেশ মিশনের শয়নকক্ষ থেকে রাজেরঙ ত্রিপুরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মিশন কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলে দাবি করলেও স্থানীয়রা বিষয়টিকে সন্দেহজনক মনে করে। পরবর্তী সময়ে নিহতের পরিবার হত্যার অভিযোগ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জেরে রাজেরঙ ত্রিপুরার পরিবারের সদস্যরা মিশনে থাকা আরও তিন পাহাড়ি কিশোরী—রেবিকা ত্রিপুরা, স্বস্তিকা ত্রিপুরা ও জেসিন্তা ত্রিপুরাকে ফিরিয়ে নিতে চাইলে মিশন কর্তৃপক্ষ এতে বাধা দেয়। পরে ক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই তিন কিশোরীকে উদ্ধার করে।
থানার ওসির বক্তব্য
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত ছাত্রীর মৃত্যুর ঘটনায় তার পরিবার লিখিত অভিযোগ করেছে, যা মামলা হিসেবে তদন্ত করা হবে। এছাড়া উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তবে আনুষ্ঠানিক হস্তান্তরের জন্য থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
ময়নাতদন্ত ও তদন্ত কার্যক্রম
নিহত রাজেরঙ ত্রিপুরার মরদেহ যশোর মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার গভীর তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।
স্থানীয়দের দাবি, ঘটনাটি নিছক আত্মহত্যা নয়, বরং এতে যৌন নির্যাতন ও হত্যার সম্ভাবনা রয়েছে। পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্বদেশ /আজাদ