প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফরিদগঞ্জের ইউনুছ: ছাত্রলীগ নেতা থেকে বিতর্কিত হিসাব সহকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামের মরহুম লোকমান তালুকদারের ছেলে ইউনুছ। ছাত্রজীবনে তিনি ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হক ভুঁইয়া গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব রহমানের সাথে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন মিছিল-মিটিংয়ে সামনের সারিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাংবাদিক শফিকুর রহমানের সমর্থনে ২০২২ সালে ইউনুছ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরিতে যোগদান করেন। এই পদে তার দায়িত্বের মধ্যে ছিল ইউনিয়ন পরিষদের যাবতীয় কর, টোল, ফি গ্রহণ ও রেজিস্টারে এন্ট্রি করা, আদায়কৃত কর ও ফি-এর হিসাব সংরক্ষণ ও ব্যাংকে জমা প্রদান, জন্ম নিবন্ধনের ফি আদায় ও ব্যাংকে জমা প্রদান, ইউনিয়ন পরিষদের সকল হিসাব এমআইএস-এ ডাটা এন্ট্রি করা, এবং ইউনিয়ন পরিষদের সকল ক্যাশ বহি লিপিবদ্ধ ও সংরক্ষণ করা।

কিন্তু চাকরিতে যোগদানের পর থেকেই ইউনুছের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ইউনিয়ন সচিবের সাইন নকল করে চেক জালিয়াতি, বিভিন্ন সেবার নামে অর্থ আদায়, ইউডিসির উদ্যোক্তাকে জিম্মি করে ইউনিয়ন পরিষদে বসেই পাসপোর্ট, এনআইডি, বিভিন্ন নিয়োগের আবেদন, জন্মনিবন্ধনসহ নানা অবৈধ মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি। এছাড়াও, নিজের প্রভাব কাজে লাগিয়ে পরিবারের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন সময়ে প্রকল্প এনে অর্থ আত্মসাৎ করেন ইউনুছ। ৪০ দিনের কর্মসূচির প্রকল্পে নামে-বেনামে বিকাশ নম্বর দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

তার স্ত্রী সিমা আক্তারের নামেও মহিলা সমাজসেবা অধিদপ্তরের চুক্তিভিত্তিক চাকরি বাগিয়ে নেন। চুক্তির মেয়াদ বহু আগে শেষ হলেও ইউনুছের স্ত্রী এখনও বহাল তবিয়তে রয়েছেন। ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা বেতন স্কেলে চাকরি করেও ইউনুছের বহুতল ভবনের আলিশান বাড়ি নির্মাণের বিষয়টি স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্থানীয়রা ইউনুছের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তবে ইউনিয়নের সাধারণ জনগণ ও সচ্ছল ব্যক্তিরা প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা