প্রবাসীদের রেমিট্যান্সে করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান জানান, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে করমুক্ত সুবিধা ও আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। কিন্তু এই সুবিধার অপব্যবহার করে একজন ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন, যা নিয়মের ব্যত্যয়। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এনবিআর চেয়ারম্যান বলেন, “নাম না বলাই ভালো। অ্যাকশনগুলো তো নিতে হবে। অ্যাকশন নেওয়ার পরে তখন অটোমেটিক্যালি আপনারা নাম জেনে যাবেন।”
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “আমরা আইন করলাম যে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আমরা বললাম, তাদের এই আয়টা ট্যাক্স ফ্রি হবে।” কিন্তু আইনকানুনের ব্যত্যয় করে কর ফাঁকি দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, “শুনলে আশ্চর্য হবেন, এমন ট্যাক্সপেয়ার পাওয়া গেল, যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন। তিনি বলছেন, এটা উনার ওয়েজ আর্নার্স এবং এটা ট্যাক্স ফ্রি।”
এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্সের করমুক্ত সুবিধার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আরও বলেন, এই ধরনের ঘটনা অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করতে পারে এবং গিনি সহগের উল্টো দিকে হাঁটার কারণ হতে পারে।
এনবিআর চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, এই ধরনের কর ফাঁকি দেওয়ার প্রবণতা রোধে এনবিআর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রেমিট্যান্স নীতিমালার সঠিক প্রয়োগ নিশ্চিত হবে এবং প্রবাসী আয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে।
স্বদেশ /আজাদ