প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঈদের আগে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা সোমবার (১৭ মার্চ) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৫ মার্চ সোনার দাম বাড়ানো হয়, যা পরদিন থেকে কার্যকর হয়। এরপর ৮ মার্চ সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। আর ১ মার্চও সোনার দাম কমানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা