চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও বিতর্কিত “লেংটার মেলা” বসতে যাচ্ছে। আগামী ১৭ চৈত্র থেকে শুরু হতে যাওয়া সাত দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসা, অশ্লীল নৃত্য এবং নানা অপকর্মের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মাদকের স্বর্গরাজ্য:
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাকে ঘিরে প্রায় পাঁচ শতাধিক গাঁজার দোকান এবং বিভিন্ন ধরনের মাদকের পসরা সাজানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেশাখোরদের আগমন ঘটে এখানে। অভিযোগ রয়েছে, পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও প্রকাশ্যে চলে মাদক বিক্রি ও সেবন।
অশ্লীল নৃত্যের আসর:
মেলার কয়েকটা অংশে নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসর বসে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে স্থানীয়রা মনে করছেন, এবারও এর ব্যতিক্রম হবে না।
স্থানীয়দের অভিযোগ:
তালতলী গ্রামের বাসিন্দা গাজী এমদাদুল হক মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “লেংটার মেলার নামে এখানে যেভাবে দিন-রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসবে, তা মেনে নেয়া যায় না। মেলা এলাকার শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলবে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হবে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে এলাকার কিশোর-তরুণরা। নষ্ট হবে সামাজিক পরিবেশ।”
প্রশাসনের তৎপরতা:
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, “বদরপুর গ্রামে প্রতি বছরই লেংটার মাজারকে কেন্দ্র করে ওরশ ও মেলা হয়ে থাকে। অনেক লোকজনেরও সমাগম হয়। অন্যান্য বছর কী হয়েছে জানি না, এ বছর চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনা স্পষ্ট। কোথাও আইন-শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে সে লক্ষ্যেই মতলব উত্তর থানা পুলিশ কাজ করছে।”
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, “মেলাকে কেন্দ্র করে যাতে কোনোরকম চাঁদাবাজি, জুয়া, ছিনতাই, অশ্লীলতা, মাদক বিক্রি হতে না পারে সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছে।”
স্থানীয়দের দাবি:
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মেলায় যেন কোনোভাবেই মাদক, জুয়া ও নারী ব্যবসা না হয়। মেলায় প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
মাজার কর্তৃপক্ষের বক্তব্য:
হজরত শাহসুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটার মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া জানান, “মাজারের বাউন্ডারির ভেতরে কোনো ধরনের খারাপ কাজের জায়গা নেই। এই অপকর্মগুলো কোথায় হয় সেই স্থান উল্লেখ করে আপনারা সংবাদ লিখেন। আমিও চাই ওরশ মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের খারাপ কাজ না হয়। এগুলো বন্ধের জন্যে আমি কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করেছি। মাজার কমপ্লেক্স এরিয়ায় ১৫০জন ভলান্টিয়ার কাজ করবে।”
স্বদেশ /আজাদ