দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এসব কথা বলেছেন।
শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রমজানকে কাজে লাগাবো। সংযমের সাথে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।
আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, আজ থেকে দুই যুগ আগেও গণমাধ্যমে অর্থনৈতিক বিষয়গুলো, বিশেষ করে পুঁজিবাজার সংক্রান্ত সংবাদ ও ফিচার তেমন গুরুত্ব পেত না। এখন প্রতিটি গণমাধ্যম পুঁজিবাজার ও অর্থনীতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এটি আমাদের উন্নয়ন ও সুশাসনে বড় ভূমিকা রাখছে।