প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দুদকের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’

দুদকের পক্ষে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার। আবেদনে বলা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঠিকাদারী কাজ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ আত্মসাতসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরী দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র বিনষ্টসহ অনুসন্ধানকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা