প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশের ঋণমান আরও ‘নেতিবাচক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫

বাংলাদেশের ঋণমান ‘বি-ওয়ান’ থেকে কমিয়ে ‘বি-টু’তে নামিয়েছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস। অর্থাৎ, এ পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ অবস্থায় চলে গেছে।

বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে, সম্পদের ঝুঁকি বাড়ছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসবে, যা আগের বছরের ৫ দশমিক ৮ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

মুডিসের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যাওয়ায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ।

অন্যদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ১৫ মাসের ব্যবধানে নীতিগত সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করেছে। তবে ২০২৫ সালেও মূল্যস্ফীতি উচ্চমাত্রায়, প্রায় ৯ দশমিক ৮ শতাংশে থাকার আশঙ্কা করছে মুডিস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়ছে, কারণ খেলাপি ঋণের হার বেড়ে চলেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সমগ্র ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের হার ১৭ শতাংশে পৌঁছেছে, যা মাত্র ৯ মাস আগে ৯ শতাংশ ছিল।

মুডিস বলেছে, অর্থনৈতিক পরিবেশের অবনতি হওয়ায় সম্পদের মানও আরও দুর্বল হবে।

এছাড়া, সামাজিক অস্থিরতা কিছু দেশীয় ব্যবসার স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, যার ফলে চাহিদা কমেছে, সরবরাহ শৃঙ্খল বাধাগ্রস্ত হয়েছে এবং শ্রম ঘাটতি তৈরি হয়েছে।

২০২৫ সালের এপ্রিলে কার্যকর হতে যাওয়া খেলাপি ঋণের নতুন ও কঠোর শ্রেণিবিন্যাসের নিয়মগুলো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে জানিয়েছে মুডিস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা