প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসুন আমরা এক সাথে কাজ করিঃ আজম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খান বলেছেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি আমার জন্ম ভুমিতে এসেছি। আমি আপনাদের নেতা হইতে চাই না। আমি বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের সৈনিক আর আপনারা আমার কর্মী না, আপনারা বিএনপির এক একটা সৈনিক।

তিনি বলেন, দলীয় কোন্দল করে দলকে আরও ১৬ বছরের পিছনে ফেলবেন না। আসুন আমরা এক সাথে কাজ করি। আমি বিগত ১৬ টি বছর দেশে আসতে পারি নাই।  আমার বিরুদ্ধে অনেক মামলা করেছে, আমারসহ আমার পরিবারের সকলের পাসপোর্ট জব্দ করেছে স্বৈরাচার সরকার ।

আজম খান বলেন,  ৫ আগস্ট গণঅভ্যুথানের তোপের মুখে স্বৈরাচার সরকারের পালিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে মামলা গুলি শেষ হলে আমি আবার নিজের জন্মভূমিতে পা রাখার সুযোগ পেয়েছি।

মোঃ আজম খান শনিবার চাঁদপুর আগমন উপলক্ষে নেতা কর্মীদের ঢল নামে শহরে। শতাধিক গাড়ি বহর নিয়ে চাঁদপুর শহরে বিশাল শো ডাউন করে, চাঁদপুর হাসান আলী মাঠে পথ সভায় বক্তব্য রাখেন তিনি।

সভায় তিনি বলেন, আমরা বিএনপির সৈনিক। সকলে মিলে মিশে কাজ করলে দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে আসি নাই। আমি সকলের সেবা করতে এসেছি, আমি মনে করি একজন নেতার ভোটটি যতটুকু মূল্য রয়েছে ঠিক ততটুকু মূল্য আছে একজন সাধারণ মানুষের ভোট।

তাই নেতা হওয়ার আগে নিজেকে সাধারণ মানুষের মত প্রতিষ্ঠিত করতে হবে। নেতা তারেক রহমান দলীয় ভাবে যাকে যে দায়িত্ব দিবে আমি তা মেনে নিবো। কারণ আমি বিএনপির সৈনিক। আরেকটি কথা না বললে নয়, বিগত ১৬ বছরে আমরা অনেক নির্যাতিত। আওয়ামী লীগের স্বৈরাচাররা আমাদের সব কেড়ে নিয়েছে। তার পরেও আমরা মাথা নিচু করি নাই। তাই আমরা যারা বিএনপির অঙ্গ সংগঠনের দায়িত্বে আছি, তারা সকলে এক ছাতার তলে কাজ করবো, কাউকে ছোট করে দেখবো না।

আজম খান বলেন, বিগত ১৬ বছরে এই চাঁদপুরে বহু বহুতল ভবন হয়েছে, কিন্তু একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। যেই শিল্প প্রতিষ্ঠানে আমার দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের কর্মসংস্থান হতো। তাছারা কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই যেখানে প্রশিক্ষণ নিয়ে চাঁদপুর জেলার মানুষ দেশের বাহিরে গিয়ে জীবিকা অর্জন করতো। বিগত আমলে যেটা হয়নি, আগামী দিনে আমার প্রাণ প্রিয় দল বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেই সব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পরিশেষে আমি আবারও বলবো, আমার দলীয় ভাই বোনেরা আপনারা দলীয় শৃংখলা ভঙ্গ করবেন না, মনে রাখবেন আজ যার গায়ে হাত তুলছেন সেও আপনার দলীয় ভাই, তাই আসুন আমরা দল ও জনগনের স্বার্থে এক সাথে কাজ করি।

বেলা ১১ টার সময় আজম খান কেন্দ্রীয় নেতা কর্মীদের নিয়ে ঢাকা থেকে রওনা দিয়ে মতলব উত্তর ও দক্ষিণ হয়ে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে গাড়ি বহরটি বেলা ১ টার সময় চাঁদপুর বাবুরহাট শহীদ আব্দুর রহমান চত্তর আসলে, সেখানে উপস্থিত নেতৃবৃন্দের শ্লোগানে মুখরিত হয়। পরে শহর প্রদক্ষিণ করে নিজ গ্রাম মৈশাদীতে যান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা