আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এর আগেরদিন চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পাকিস্তানের করাচিতে। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিয়েই বাংলাদেশসহ প্রত্যেক দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এরপর প্রতি ম্যাচ জয়ের জন্য বাড়তে থাকবে সেই অঙ্কটা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে– চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানিতে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্সআপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ, তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
এভাবে তৃতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।