প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আলজেরিয়া থেকে এলএনজি কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫

আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) হচ্ছে আজ। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আল‌জিয়ার্সে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বর্তমানে আলজেরিয়ায় রয়েছেন। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি, কৃষি, মানবসম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি। ইতোমধ্যে জ্বালানি উপদেষ্টা দেশটির জ্বালানি মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সোনাট্র্যাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। আলজেরিয়ার জ্বালানি মন্ত্রীর ঢাকা সফরের সময়ে ওই স্মারক সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।

মুখপাত্র বলেন, আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।

রফিকুল আলম জানান, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আসন্ন সফরে স্বাক্ষরিত হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে ভার্চুয়ালি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা