অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন। সেই সম্মেলন ও সফর থেকে ভালো কিছু রেজাল্ট পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের ডিল মেট হয়। এই দুই দিনে প্রচুর হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার, প্রায় ১০টার মতো হেড অব গভর্মেন্টের কথা বার্তা হয়েছে।
এদিকে এরই মধ্যে প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান ও বিশেষ কার্যাদির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন বিশেষ দূত জন কেরি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন।