প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫

বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা।

আজ (সোমবার) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে রয়েছে। বিভিন্ন যানবাহনে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা