প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৩৫৫ কোটি টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি আমাদনি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫

দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত এই গ্যাস আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (০৬-০৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪.৪৪৫০ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.৮২৪৭ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা