বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল । যেখানে মোটাদাগে বড় খবর তারকা ক্রিকেটার লিটন দাসের বাদ পড়া। উইকেটকিপার এই ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন, আস্থা হারিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনেই ব্যাট হাতে যেন বড় জবাবটাই দিলেন লিটন।
এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।
সিলেটে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে লড়ছে ঢাকা ঢাকা। আর এই ম্যাচে ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলতে থাকেন লিটন। রাজশাহীর বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করেছেন। পরে ২৪ বলে তুলে নেন অর্ধ-শতক। এরপর ব্যাট হাতে আরো আগ্রাসী রূপধারণ করেন লিটন।
শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়ে যান লিটন। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটনের এমন বিস্ফোরক ইনিংস নিশ্চিতভাবে দর্শকরা মনে রাখবেন। অবশ্য স্টেডিয়ামজুড়ে কেবল লিটন লিটন ধ্বনিই ছিল আজ।