প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময়ই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন শান্ত। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে অবশ্য বেশ কিছদিন ধরেই আলোচনা চলছে।

ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না শান্ত। ফলে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস। মিরাজের নেতৃত্বে টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আর লিটনের নেতৃত্বে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

এদিকে চলতি বিপিএলের মাঝেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শান্ত। এ তথ্য নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানিয়েছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও।

শান্ত সরে দাঁড়ানোর ফলে টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটনই। সেই সঙ্গে আলোচনায় আছেন তাওহীদ হৃদয়। আলোচনায় তাসকিন আহমেদের নামও জোরেশোরেই শোনা যাচ্ছিল। তবে এই পেসার কিছুটা চোটপ্রবণ। বিভিন্ন সময় বিভিন্ন সিরিজে বিশ্রাম দেয়া হয় পেসারদের। তাই মূলত বিসিবির ভাবনায় নেই তাসকিন।

ধারণা করা হচ্ছে বাকি দুই ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দেখা যাবে শান্তকেই। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন শান্ত। যদিও বিপিএলের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা