স্মরণকালের সবচেয়ে বেশি ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে। দেশিয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসেবে আগে কখনোই এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে করোনাকালীন সময়ে ২০২০ সালের জুলাই ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে প্রায় ২৬৪ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।
২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮০ কোটি ডলার।