আগামী ১২ জানুয়ারি থেকে প্রতিদিন একবার করে ডলারের রেট ঘোষণা করবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ডলার ক্রয়-বিক্রয় নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে।
এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডলার ক্রয়-বিক্রয়ে সর্বাধিক ১ টাকার ব্যবধান রাখার নির্দেশনা দিয়েছেন। যেসব ব্যাংক এ নির্দেশনা লঙ্ঘন করবে, সেগুলোর জন্য শাস্তি হিসেবে ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা অথবা লেটার অব ক্রেডিট (এলসি) লেনদেনের ৫ শতাংশ জরিমানা নির্ধারণ করা হবে।
নির্দেশনা মানার বিষয়টি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে একটি অভিযোগ সেল গঠন করবে। ব্যাংকিং খাত বা ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেলে সেগুলোর যথাযথ তদন্ত করা হবে।
এদিকে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরির পেছনে বেশকিছু কারণ মুখ্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে একটি বড় কারণ হলো অর্থবছর শেষে ডলারের চাহিদা বেড়ে যাওয়া। ডিসেম্বরে প্রায়ই ঋণ পরিশোধ ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বেড়ে যায়, যা বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।