প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেইঃ সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪

এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন।
বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এখনও তারা সুপারিশনামা পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই।

অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান, এ জন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে বলেন, এবারের নির্বাচন আগের মতো হবে না। এ জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, সবার সহযোগিতা লাগবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা