প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মালা, আবুল কাশেম সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। অন্যদিকে আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন ।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কবি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

নির্বাচনে দৌলত আক্তার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা পেয়েছেন ৮২ ভোট।

নির্বাচনে ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের সিনিয়র বিজনেস এডিটর কাজী মোহাম্মদ আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। একই পদে অপর প্রার্থী রয়টার্সের সাবেক আবাসিক প্রতিনিধি সিরাজুল ইসলাম কাদির পেয়েছেন ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৮ ভোট। এই পদে অপর দুই প্রার্থীর মধ্যে দ্য ডেইলি অবজারভার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ পেয়েছেন ৬ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে মানিক মুনতাসির ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে সময়ের আলোর বিজনেস এডিটর আলমগীর হোসেন পেয়েছেন ৬৫ ভোট।

অর্থ সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। এই পদে শাহ আলম নুর পেয়েছেন ৮১ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন পত্রিকার সকাল সন্ধ্যার শেখ শাফায়েত হোসেন।

এ ছাড়া নির্বাহী কমিটির চার সদস্য পদে নির্বাচিত হয়েছেন- নিউএজের মইনুল হক (১২৭),  কায়েস সোহেল (১০৭),  আজকালের খবরের জাকির হোসেন (১০৬), ও জাগো নিউজের ইব্রাহিম হোসেন অভি (৯৩)।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এবং  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা