দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এসে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চলছে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা দেন তিনি।
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, এছাড়া আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব।