এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রুপটির মালিকানাধীন মোট ৬টি কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কোম্পানি সচিব জানান, তিনি কারখানা বন্ধ হবার ব্যপারে কিছুই জানেন না।
তবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিল, জানি না। আমরা এ পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম।’
বন্ধ ঘোষণা করা অন্য পাঁচটি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা গেছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় কাঁচামাল আমদানি করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। কাঁচামাল আমদানি করা না গেলে কারখানা চালু করার সুযোগ নেই। এ জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে। এ কারখানাগুলোতে অন্তত ১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন বলে জানা গেছে।