প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও আইনি কাঠামো’ শীর্ষক কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪

‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও আইনি কাঠামো’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখের সভাপতিত্বে বেলা ১০ টায় কর্মশালাটির সূচনা হয়।

বিএসইসি’র মাল্টিপারপাস হলে আয়োজিত উক্ত কর্মশালায় বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ এবং অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস, বিআইসিএম ইত্যাদিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম কর্মশালায় ‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং আইনি কাঠামো’ শিরোনামে মূল বক্তব্য উত্থাপন করেন। এছাড়াও কর্মশালায় বিএসইসি’র পরিচালক মোহাম্মদ আবুল হাসান এর সঞ্চালনায় ‘কমোডিটি ডেরিভেটিভ চালুকরণের সম্ভাবনা এবং এ সংক্রান্ত ঝুঁকি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত প্যানেল আলোচনায় প্যানেল আলোচক হিসেবে বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম, সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, ঢাকা স্টক এক্সচেন্ত পিএলসি এর General Managers COO (In-charge) মো: ছামিউল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার অংশ নেন।

কর্মশালায় ডেরিভেটিভস ও ডেরিভেটিভস মার্কেট, কমোডিটি এক্সচেঞ্জে এর প্রোডাক্ট ও তার লেনদেন সংশ্লিষ্ট বিষয়সমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের সুযোগ-সম্ভাবনা, এক্সচেঞ্জে কমোডিটি ডেরিভেটিভের ট্রেডিং মেকানিজম, কমোডিটি ডেরিভেটিভসমূহের ট্রেডিং এর ক্লিয়ারিং ও সেটলমেন্ট প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তাদের সম্ভাব্য সমাধানসমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভের বাজারের অংশীজন, কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালাসহ সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালার অংশীজন তথা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এর প্রতিনিধিবৃন্দ আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মূলবান মতামত দেন।

বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ কর্মশালায় সভাপতির বক্তব্য প্রদান করেন। তিনি কর্মশালায় আগত সকলকে ধন্যবাদ দেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান। দেশে কমোডিটি এক্সচেঞ্জ এর অনেক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি অন্যান্যের মধ্যে বলেন, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এর সফলতার জন্য সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা অনেক বেশি জরুরী। বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পুঁজিবাজারের উন্নয়ন সাধনে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা