প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিআরটিসির ব্যবস্থাপনায় ‘বিআরটি’ রুটে এসি বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ী, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপদেষ্টা পাশ্ববর্তী শিববাড়ী মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এর নবযাত্রা ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, বিআরটিএ’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, কাজ শেষ হয়নি, তারপরও এটি উদ্বোধন করার কারণ হচ্ছে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে। এখন বিআরটি লেনে পরীক্ষামূলকভাবে বিআরটিসি বাস চালু করা হয়েছে। আশাকরি ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিআরটি বাস সার্ভিস চালু করতে পারব।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ভবিষ্যতে বিআরটি লেনের বাসগুলো ইলেকট্রিক লাইনে চলাচলের ব্যবস্থা করবো।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগে সব প্রকল্পেই দুনীর্তি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ প্রকল্পে কোনও দুর্নীতি হয়নি। যদি আগের দুর্নীতি নিয়ে কারও কাছে কোন সুনিদিষ্ট তথ্য থাকে, যা আদালতে গ্রহণযোগ্য হবে তা মন্ত্রণালয়কে জানালে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, গাজীপুরের শিববাড়ী বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) টার্মিনাল থেকে বিআরটি করিডোর ব্যবহার করে প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস বিমানবন্দর পর্যন্ত এবং বিমান বন্দর থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফার্মগেট হয়ে গুলিস্থান পর্যন্ত চলাচল করবে।

শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০টাকা এবং গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে। বিআরটিসি বাস ছাড়াও বিআরটি করিডোর ব্যবহার করে প্রাইভেটকার এন্ব্যুলেন্স ইত্যাদি ছোট যানবাহন চলাচল করতে পারবে। তবে অন্যকোন ভারী যানবাহন অথবা রিকশা অটোরিকশা মোটর সাইকেল চলাচল করতে পারবেন। ইতোমধ্যে বিআরটি প্রকল্পের সার্বিক অবকাঠামো নির্মণ কাজ ৯৭.৪৩ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং বিআরটি বাস ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা