প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনাকে ভারতের মূখ্যমন্ত্রী বানানোর আহ্বান দুলুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪

একজন গণহত্যাকারী পতিত স্বৈরশাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কীভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব শিখিয়ে দিতে পারবেন।বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেছেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। মিথ্যা প্রচারণা করে আমাদের দেশকে ছোট করছে। পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দল-মত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বিএনপি নেতা দুলু বলেন, ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চির দিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলমসহ আরও অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা