প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারত অভিমুখে লংমার্চ শুরু করেছে ছাত্রদল-স্বেচ্ছাসেবকদল-যুবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

আজ (বুধবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এই লংমার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন তিনটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন, নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হয়েছে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের কারণে আমাদের এই লংমার্চ।

এরআগে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে।

লং-মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লংমার্চ। তারা দেশরক্ষার জন্য আখাউড়ায় দিকে এগিয়ে যাচ্ছে। তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশ রক্ষায় এগিয়ে যাচ্ছে।

লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা