প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ড. মোমেন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, আবদুল মোমেন তার পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা