প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে মোহাম্মদ এরশাদ (৪০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি অন্যদের সঙ্গে সাগরে মাছ ধরছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহাম্মদ এরশাদ সেন্টমার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম বলেন, দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ ধরতে যায়। এ সময় সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে জেলেদের গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

জেলে গুলিবিদ্ধের ঘটনাটি স্বীকার করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ভুলক্রমে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেকে গুলি করে মিয়ানমার নৌবাহিনী। পরে তারা (মিয়ানমার) আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তবে বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজখবর নিচ্ছি।

গত ১১ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় আরও জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা