প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বিদ্যমান নীতিমালায় তা এই বছর ডিসেম্বরে হওয়ার কথা ছিল। গত ৫ আগস্ট পতিত সরকারের পালিয়ে যাবার পর প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পালিয়ে গেলে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে আসীন হন কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক হন আইয়ুব ভুঁইয়া। 

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি হাসান হাফিজ।

সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তার বক্তব্যে ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় প্রেস ক্লাবের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তার বক্তব্য শেষ হলে বিপুল করতালির মাধ্যমে সদস্যরা তা গ্রহণ করেন। এরপর সভায় অন্য বক্তারা সংস্কারের পর নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য মোসাদ্দেক আলী ফালু, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহিন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।

সভায় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুর্নীতি তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানান। তারা আজকের অতিরিক্ত সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্য পদ বাতিলেরও দাবি জানান।

নির্বাচন বিষয়ে ভোটে দিলে,  ২০২৪ সালে নির্বাচন করার পক্ষে মাত্র ২ জন হাত তুলেন। তবে একবছর পর ২০২৫ সালে নির্বাচন করার বিষয়ে সমর্থন জানান হলভর্তি সকল সদস্য।

এসময় সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো. মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি এবং কোষাধ্যক্ষ বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা